নিজস্ব প্রতিবেদক,(মোঃ নোমান খান)
সামাজিক ও মানবিক কাজের পরিধি আরও বেগবান করার লক্ষ্যে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় "বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি" (বি.বি.ডি.এস)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্ত ও অনুমোদনে আগামী ৬ মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠন সূত্র জানায়, ‘একের কাঁধে অন্য হাত, মানবতার বাঁধন টিকে থাক’— এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলায় রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মনোনীত দায়িত্বশীলরা হলেন:
উপজেলা প্রধান সমন্বয়ক: মোঃ তাওহিদ ইসলাম
উপজেলা সহ সমন্বয়ক: মোঃ আল আমিন হোসেন আবির
উপজেলা যোগাযোগ বিষয়ক সমন্বয়ক: মোঃ রাহাদ আহমেদ
উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক: মোঃ সৈকত হোসেন শাকিল
উপজেলা অর্থ বিষয়ক সমন্বয়ক: মোঃ হাসনাইন আহমেদ
উপজেলা নারী বিষয়ক সমন্বয়ক: মোসাঃ ফাতেমা ফারোহা
কমিটি অনুমোদনকালে সংগঠনের ভোলা জেলা সমন্বয়ক মোঃ ইব্রাহিম সিকদার এবং কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোঃ হাসান আহমেদ যৌথ স্বাক্ষরে নতুন কমিটিকে শুভকামনা জানান।
সংগঠনের নীতিমালায় কঠোর হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ জানান, কমিটির অন্তর্ভুক্ত কোনো সদস্য বা দায়িত্বশীলের বিরুদ্ধে যদি সংগঠন বিরোধী কোনো কার্যকলাপের অভিযোগ কিংবা সংগঠনের পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক কাজের প্রমাণ পাওয়া যায়, তবে প্রতিষ্ঠাতা জনাব মোঃ জসিম উদ্দিনের সমন্বয়ক্রমে নোটিশের মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে রূপ দিতে এবং চরফ্যাশন উপজেলার যেকোনো মুমূর্ষু রোগীর প্রয়োজনে পাশে দাঁড়াতে সবার সহযোগিতা কামনা করেছেন।